Image description

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে বুধবার (১৮ ফেব্রুয়ারি) আয়োজিত এক বিশাল আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের নৌবাহিনী। এই জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে এই মহড়ায় অংশ নেয় ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। জাহাজটি গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই মহড়ায় যোগ দিতে ভারতে পৌঁছায়। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ ৭০টি দেশের নৌবাহিনী তাদের শক্তিশালী যুদ্ধজাহাজ নিয়ে এই মহড়ায় অংশ নেয়। 

ইন্দোনেশীয় নৌবাহিনীর ফ্রিগেট ‘কেআরআই বুং তোমো-৩৫৭’ এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধাজাহাজ ‘আল ইমারাত’ মহড়ায় বিশেষ নজর কেড়েছে। ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেয় আইএনএস বিক্রান্ত।

মহড়া শুরুর আগে দেওয়া এক বক্তব্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘এই মহড়া মূলত সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য এবং শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন ভিন্ন পতাকাবাহী এসব জাহাজ এবং ভিন্ন দেশের নৌ-সেনারা ঐক্যের চেতনাকেই তুলে ধরছে।’

তিনি আরও বলেন, এই মহড়ার মূল থিম হলো ‘সামুদ্রিক ঐক্য’, যা বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।

আন্তর্জাতিক সমুদ্র নীতিতে ভারতের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ভারত ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাসী। সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

মানবকণ্ঠ/ডিআর