প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধানগণ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী সকালে সচিবালয়ে তাঁর অফিসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তিন বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন। সাধারণ মানুষের জন্য টিসিবির পণ্য ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে এই ফ্যামিলি কার্ড ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। গত মঙ্গলবার শপথ গ্রহণের পর বুধবার তিনি প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর মন্ত্রিসভা ও সচিবদের বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) পরিবর্তে সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এক নতুন প্রশাসনিক ঐতিহ্যের সূচনা হলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments