Image description

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা বদলি বাণিজ্য সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিজের দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, "মন্ত্রণালয়ের সব কার্যক্রম অ্যাপভিত্তিক করা হবে এবং বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেওয়া হবে। অতীতে 'মব' করে অটো পাস নেওয়া বা পরীক্ষা বন্ধ করার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আর হতে দেওয়া হবে না। এছাড়া শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। আমাদের প্রধান লক্ষ্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।"

সাবেক এই সফল প্রতিমন্ত্রী নিজের স্বচ্ছ ভাবমূর্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "এর আগেও আমি যখন মন্ত্রীত্বের দায়িত্বে ছিলাম, আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। এই মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো স্থান নেই এবং কেউ পাবেও না।" তিনি আরও যোগ করেন, বর্তমান পদ্ধতিতে এমন পরিবর্তন আনা হবে যে দেশে আর আলাদা করে 'নকল বিরোধী অভিযানের' প্রয়োজন হবে না।

শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, "বিদ্যমান শিক্ষাক্রম (কারিকুলাম) রিভিউ করা হবে। দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ম ভাঙলে বা অপরাধ করলে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।"

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষাখাতকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত এবং আধুনিক মানদণ্ডে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মানবকণ্ঠ/ডিআর