Image description

পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে অনুষ্ঠিত এই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে আমাদের ওপর জনগণের অনেক বড় প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে আমাদের নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কাঠামো পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “আমরা পুলিশসহ বিভিন্ন বাহিনীর মধ্যে গণতান্ত্রিক সংস্কার করতে চাই। এজন্য প্রথমে আমাদের অগ্রাধিকারগুলো নির্ধারণ করতে হবে। প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং নৈতিকতা উন্নয়নের মাধ্যমে আমরা মানুষের মনে বাহিনীর প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে চাই।”

সালাহউদ্দিন আহমদ আরও জানান, লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে বাজেট বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরির ওপর জোর দেন এবং সংস্থা প্রধানদের এ সংক্রান্ত সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশ দেন।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএম-সহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর