রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
জানুয়ারিতে সড়কে নিহত ৪৮৭ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বোচ্চ মৃত্যু
নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে সারাদেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১,১৯৪ জন আহত হয়েছেন। একই সময়ে নৌ ও রেলপথেও একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন–এর নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪০ দশমিক ২৪ শতাংশ। ফলে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬৮ জন নারী এবং ৫৭ জন শিশু। পেশাভিত্তিক হিসেবে নিহতদের মধ্যে রয়েছেন—২ জন পুলিশ সদস্য, ১৩ জন শিক্ষক, ২ জন চিকিৎসক, ৬ জন সাংবাদিক, ৪ জন আইনজীবী, ১১ জন ব্যাংক ও বীমা কর্মকর্তা-কর্মচারী, ১৯ জন এনজিও কর্মী, ২৭ জন রাজনৈতিক নেতাকর্মী, ২১ জন ব্যবসায়ী, ২৬ জন বিক্রয় প্রতিনিধি, ৯ জন পোশাক শ্রমিক, ৬ জন নির্মাণ শ্রমিক, ৩ জন প্রতিবন্ধী এবং ৫৭ জন শিক্ষার্থী।
এছাড়া একই সময়ে ৪টি নৌ দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ১১৯ জন নিহত হয়েছেন ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ১৮ জন সিলেট বিভাগে। শুধু রাজধানীতেই প্রাণ হারিয়েছেন ১৮ জন।
প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়কব্যবস্থা, বেপরোয়া গতি, চালকের অদক্ষতা ও মানসিক চাপ, নির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টার অভাব, ট্রাফিক আইন অমান্য, মহাসড়কে ধীরগতির যান চলাচল, দুর্বল ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতার ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments