সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৮০ দিনের মধ্যে মোংলা বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে। সরকারের অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সময়ের মধ্যে বন্দরের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমবারের মতো মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, "জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে মোংলা বন্দরের গুরুত্ব অপরিসীম। বন্দরের বিদ্যমান সমস্যাগুলো আমরা চিহ্নিত করছি। এগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে এবং তাঁর নির্দেশনা অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান, যোগাযোগ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।"
মন্ত্রী আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম মোংলা বন্দরকেন্দ্রিক করার পরিকল্পনা নিয়েছে সরকার। বন্দরের পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। চট্টগ্রাম বন্দরের মতো মোংলা বন্দরকেও দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর বন্দরে পরিণত করা সরকারের প্রধান লক্ষ্য।
উন্নয়নের ক্ষেত্রে চট্টগ্রাম ও মোংলা বন্দরের মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, "মোংলা বন্দরের সম্ভাবনাকে শতভাগ কাজে লাগিয়ে এটিকে একটি আধুনিক ও সক্ষম বন্দরে রূপান্তর করা হবে। আমাদের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনায় মোংলা বন্দরকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments