Image description

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, বর্তমান প্রজন্মের মুখে ‘ইনকিলাব’ শব্দ শুনলে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তিনি আক্ষেপ করে বলেন, সমাজ পরিবর্তনের যে স্বপ্ন নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, বর্তমান সমাজ তার উল্টো পথে হাঁটছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, “আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, তাহলে আজকের জেন-জি (Gen-Z) ‘ইনকিলাব’ বলত না। তারা যখন ইনকিলাব বলে, তখন আমার রক্তক্ষরণ হয়। এটার জন্যই কি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? না গেলেও তো চলত। সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম, কিন্তু আজ দেখছি সমাজ উল্টো দিকে হাঁটছে।”

ভাষার শুদ্ধতা ও জাতীয়তাবাদ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, তবে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। এখন ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো নতুন নতুন শব্দ শুনছি। এগুলোর সঙ্গে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। দেশকে ভালোবাসলে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এসব সত্য কথা বললে অনেকেই হয়তো আমাকে ভারতের দালাল বা ‘র’-এর এজেন্ট বানিয়ে ফেলবে। তারপরও আমি সত্য বলব, কারণ এই সত্য প্রতিষ্ঠার জন্যই আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।”

মাতৃভাষার ইতিহাসের গুরুত্ব তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, “যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। আমরা নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মাঝে জাতীয়তাবাদ (ন্যাশনালিজম) গড়ে উঠছে না।”

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

মানবকণ্ঠ/ডিআর