Image description

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে এসেছে। বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন আগে দায়িত্ব গ্রহণ করেছে। তিনি স্বীকার করেন, আগে পুরো প্রতিবেদন না দেখেই কিছু মন্তব্য করেছিলেন, যা তিনি এখন সংশোধন করছেন।

তিনি স্পষ্ট করে বলেন, নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। বিদ্যমান কমিশনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কমিশনের প্রতিবেদনে উল্লিখিত বেশ কিছু সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে। অন্যান্য সুপারিশও ধাপে ধাপে কার্যকর করা হবে। শহিদ পরিবারগুলোর উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে।

তিনি মন্তব্য করেন, এই ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল বা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এর পেছনে থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

মানবকণ্ঠ/আরআই