দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ফল ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, এবং পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
এ বছর দেশে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ৬১১টি কেন্দ্রে ২৮ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা ৩১ ডিসেম্বর স্থগিত করা হয়েছিল।
ফল অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ‘Scholarship Result’ অপশন থেকে রোল নম্বর ও সাল ২০২৬ দিয়ে জানা যাবে। এছাড়া ১৬২২২ নম্বরে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে এসএমএস করেও ফল জানা সম্ভব।
ঢাকা বোর্ডের অধীনে ৮৭ হাজার ৯৪৯ শিক্ষার্থী নিবন্ধিত ছিলেন, যার মধ্যে ৮০ হাজার ২১৮ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। সব বিষয়ে পরীক্ষা দিয়েছেন ৭৭ হাজার ৯১৯ জন শিক্ষার্থী। অন্যান্য বোর্ডে অংশগ্রহণের হার ঢাকার পর সর্বোচ্চ রাজশাহী, কুমিল্লা ও দিনাজপুরে। বরিশাল বোর্ডে অংশগ্রহণ সবচেয়ে কম, মাত্র ২০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী।
মানবকণ্ঠ/আরআই




Comments