Image description

ভূমি মন্ত্রণালয় ভূমি সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সব ভূমি অফিসে সরকার নির্ধারিত ফির তালিকা সম্বলিত সাইনবোর্ড টানানোর নির্দেশ দিয়েছে।

এ নির্দেশনার আওতায় উপজেলা ও সার্কেল ভূমি অফিস থেকে শুরু করে ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের জনসমাগমস্থলে নির্ধারিত ফির তালিকা স্থায়ীভাবে প্রদর্শন করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি উন্নয়ন করসহ সকল প্রকার সেবার ফি এখন থেকে কেবল অনলাইনেই পরিশোধযোগ্য। কোনো অবস্থাতেই নগদ লেনদেন না করার জন্য নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করেন, তবে ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে ১৬১২২ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন খাতের নির্ধারিত ফি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে:

ই-নামজারি: মোট ১ হাজার ১৭০ টাকা (যার মধ্যে কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১,০০০ টাকা এবং খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা অন্তর্ভুক্ত)।

খতিয়ান (পর্চা): সার্টিফাইড বা অনলাইন কপির জন্য ১২০ টাকা। তবে ঘরে বসে ডাকযোগে পেতে চাইলে অতিরিক্ত ৪০ টাকা ডাকমাশুল দিতে হবে।

মৌজা ম্যাপ: প্রতি শিটের ফি ৫৪৫ টাকা। ডাকযোগে সংগ্রহের ক্ষেত্রে অতিরিক্ত ১১০ টাকা মাশুল প্রযোজ্য হবে।

ভূমি মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যে, নির্ধারিত এসব ফি ছাড়া অন্য কোনো অর্থ আদায় আইনত দণ্ডনীয়। প্রতিটি সাইনবোর্ডের আকার হতে হবে চার ফুট বাই আড়াই ফুট, যা সাধারণ মানুষের সহজে নজরে আসে এমন স্থানে স্থাপন করতে হবে।