প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) জন্য বিশেষ প্রটোকল বন্ধ রাখা এবং সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলার প্রভাবে রাজধানীর সড়কে যানবাহনের গতি বেড়েছে। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জমা দেওয়া এক প্রতিবেদনে এই ইতিবাচক চিত্র উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি-প্রকৃতি সংক্রান্ত একটি বিশদ প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, প্রটোকল ছাড়াই শীর্ষ কর্মকর্তাদের চলাচলের কারণে সাধারণ মানুষের যাতায়াতে গতি ফিরছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইতিপূর্বে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গড় গতি ছিল ঘণ্টায় মাত্র ৪ দশমিক ৫ কিলোমিটার, যা কার্যত মানুষের হাঁটার গতির সমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর ভিভিআইপি প্রটোকল কমিয়ে সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল শুরু করার পর পরিস্থিতির উন্নতি শুরু হয়।
গত ১৪ দিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে প্রতিবেদনে জানানো হয়েছে, রাস্তায় ভিভিআইপি চলাচলের সময় সাধারণ যান-চলাচল আর বাধাগ্রস্ত হচ্ছে না। এর ফলে যানবাহনের গড় গতি ঘণ্টায় ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে বর্তমানে রাষ্ট্রপতি এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন, যা সড়কে শৃঙ্খলা ফেরাতে বড় ভূমিকা রাখছে।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছেন এবং সড়কের এই শৃঙ্খলার ধারা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের উৎসাহ প্রদান করেছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments