Image description

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিয়েছে সরকার। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে এই অর্থ ছাড়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্প মালিকদের ওপর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, উৎসব বোনাস এবং ইউটিলিটি বিল পরিশোধের বড় ধরনের চাপ রয়েছে। এমন সময়ে বকেয়া নগদ সহায়তার এই অর্থ ছাড় শিল্প মালিকদের জন্য বড় ধরনের স্বস্তি ও তারল্য সহায়তা হিসেবে কাজ করবে।”

বিজিএমইএ সূত্রে জানা গেছে, আটকে থাকা নগদ সহায়তার অর্থ দ্রুত ছাড় করার দাবিতে সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদ সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও আলোচনা চালিয়ে আসছিল। এসব আলোচনার পরিপ্রেক্ষিতেই দ্রুততম সময়ে এই তহবিল অনুমোদনের সিদ্ধান্ত নেয় সরকার।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা মিলিয়ে মোট ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজিএমইএ তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অর্থ সংগ্রহের প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্থ ছাড়ের ফলে রপ্তানি খাতের বর্তমান তারল্য সংকট অনেকাংশে লাঘব হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

মানবকণ্ঠ/আরআই