Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। আইনি জটিলতা ও বিশেষ পরিস্থিতির কারণে ৩টি আসনের ফলাফল ও নির্বাচন স্থগিত থাকলেও বাকি ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক খুঁটিনাটি ফলাফল এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

কমিশন জানায়, আইনি জটিলতার কারণে বর্তমানে চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। উচ্চ আদালতে বিচারাধীন এসব মামলার নিষ্পত্তি হওয়ার পর এই দুই আসনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ বাতিল করা হয়েছিল। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ওই আসনের ১২৮টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল উপ-নির্বাচন আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আসনটি থেকে নির্বাচিত বিএনপি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সদস্যপদ ছেড়ে দেওয়ায় সেখানে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন বলছে, স্বচ্ছতা নিশ্চিত করতেই কেন্দ্রভিত্তিক এই বিস্তারিত ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, যেখানে ভোটাররা তাঁদের নিজ নিজ কেন্দ্রের প্রাপ্ত ভোটের হিসাব দেখতে পারবেন।

মানবকণ্ঠ/আরআই