Image description

দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অধীনে থাকা পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো মানসম্মত চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ও পরিত্যক্ত ভবনগুলোকে আধুনিক ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় জানানো হয়, বর্তমানে শুধুমাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনেই ১৭০টি এমন পরিত্যক্ত ভবন রয়েছে। এই ভবনগুলোসহ অন্যান্য দপ্তরের সব পরিত্যক্ত স্থাপনা দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর কার্যক্রম অবিলম্বে শুরু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগণের স্বাস্থ্য তথ্য সংরক্ষণ ও সেবা প্রাপ্তি সহজ করতে এই কার্ড বিশেষ ভূমিকা রাখবে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন সরকারপ্রধান।

উচ্চপর্যায়ের এই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার পরিধি ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং বিদ্যমান অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

মানবকণ্ঠ/আরআই