প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। কেবল আহ্বান জানিয়েই ক্ষান্ত হননি, তিনি নিজেও বিদ্যুৎ সাশ্রয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী তাঁর কক্ষের ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫.১ ডিগ্রিতে রাখার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন। এসেই তিনি কক্ষের অর্ধেক লাইটের সুইচ অফ করে দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ সাশ্রয়ী মাত্রায় (২৫.১ ডিগ্রি) নিয়ে আসেন। এরপর তিনি মন্ত্রিপরিষদ কক্ষে সভায় প্রবেশ করে সেখানেও অর্ধেক লাইট বন্ধ করতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন।
প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগের পর তাৎক্ষণিকভাবে তাঁর দপ্তরের সকল কক্ষে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়। প্রধানমন্ত্রী এ সময় সরকারি-বেসরকারি সকল অফিস, আদালত, শপিংমল, বিপণি বিতান এবং বসতবাড়িতে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী দেশবাসীকে পরামর্শ দিয়ে বলেন, দিনের বেলা অফিস বা বসতবাড়িতে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে বিদ্যুতের ওপর চাপ কমবে এবং জাতীয় সম্পদ রক্ষা পাবে। তিনি বিদ্যুৎ সাশ্রয়কে একটি জাতীয় আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও মিতব্যয়িতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তারেক রহমান। আজকের এই উদ্যোগ তারই ধারাবাহিকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বাসস।
মানবকণ্ঠ/আরআই




Comments