যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে এখন পর্যন্ত কোনো ধরনের অস্ত্র সরবরাহের অনুরোধ জানায়নি ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আল-জাজিরার।
পেসকভ বলেন, "অস্ত্র বা অন্য কোনো বস্তুগত সহায়তার বিষয়ে তেহরানের পক্ষ থেকে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি। তবে ইরানের সঙ্গে রাশিয়ার দীর্ঘমেয়াদী কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এ বিষয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত।"
উল্লেখ্য, গত বছর রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে ইরান। এছাড়া ইরানের বুশেহরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কারিগরি সহায়তা এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের মাধ্যমে দুই দেশের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও জোরালো হয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, ওয়াশিংটন ও তেল আবিব সুপরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। এই উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে ওই অঞ্চলে যে ব্যাপক মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে মস্কো।
রাশিয়া মনে করে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এই উসকানি মূলত আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার একটি পরিকল্পিত অপচেষ্টা। এই পরিস্থিতিতে ইরান ও রাশিয়ার মধ্যকার ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ কী হবে, তা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments