সংযুক্ত আরব আমিরাতের ওপর ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) একটি ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন দেশটির অভ্যন্তরে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলায় একজন বাংলাদেশিসহ তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আজ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা মোট ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩১টি ড্রোন রুখে দিতে ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আমিরাতের অভ্যন্তরে আছড়ে পড়ে। গত শনিবার থেকে শুরু হওয়া এই "বর্বর ইরানি আগ্রাসনের" পর থেকে এ পর্যন্ত আমিরাতের আকাশসীমায় মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮টি ক্রুজ মিসাইল শনাক্ত করা হয়েছে, যার বেশিরভাগই সফলভাবে ধ্বংস করা হয়েছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে এ পর্যন্ত ৩ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। নিহত তিনজনের সবাই বিদেশি নাগরিক, যাঁদের মধ্যে পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশের একজন করে নাগরিক রয়েছেন।
বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া এই ত্রিদেশীয় সংঘাতের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতসহ পার্শ্ববর্তী দেশগুলোও সরাসরি যুদ্ধের কবলে পড়েছে। আমিরাত কর্তৃপক্ষ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় ধরনের আঘাত হিসেবে অভিহিত করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments