Image description

মাগুরায় কার্যালয় খুলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরকসহ কয়েকজন নেতাকর্মী এসে কার্যালয় খুলে পতাকা উত্তোলন করে কার্যক্রম শুরুর ঘোষণা দেন। 

এ ঘটনার পরপরই বিএনপির একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে অফিসের ভেতর থাকা বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়।

এ ঘটনায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরুর ঘোষণা দেয় একটি অংশ।

ঘোষণাকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া খাতুন ও কর্মী ওসমান গনিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।