Image description

সপ্তাহের শেষে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মূলত পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সক্রিয়তা এবং দক্ষিণ বঙ্গোপসাগরের স্বাভাবিক মৌসুমি লঘুচাপের প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তবে আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার (৮ মার্চ) সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই বৃষ্টির প্রবণতা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল শুক্রবারও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

তবে শনিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী রবিবার ও সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সংস্থাটি আরো জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।