Image description

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বন্ধ ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বর থেকে দালাল তাড়াতে এবং ক্লিনিক ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে বুধবার (৪ মার্চ) একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি ক্লিনিক মালিক, অ্যাম্বুলেন্স চালক ও অটোরিকশাচালকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের স্টাফরা হাসপাতালের ভেতরে অবৈধভাবে অবস্থান করায় দালালের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ রোগীরা সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জনস্বার্থে এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে ক্লিনিক স্টাফ ও দালালদের হাসপাতালের ভেতরে বা প্রবেশপথে অবস্থান না করার নির্দেশ দেওয়া হলো। এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে একটি শক্তিশালী দালাল চক্র সক্রিয়। বিশেষ করে প্রসূতি মায়েদের টার্গেট করে সরকারি ইওসি (জরুরি প্রসূতি সেবা) বিভাগ থেকে সরিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে নরমাল ডেলিভারি সম্ভব হলেও দালালের খপ্পরে পড়ে রোগীদের ক্লিনিকে নিয়ে অপ্রয়োজনীয় সিজার করানো হয়, যা ‘সিজার বাণিজ্য’ হিসেবে পরিচিত।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, “রোগীদের ভোগান্তি কমাতে এবং সরকারি সেবার মান বাড়াতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এই নির্দেশের পরও যদি কেউ হাসপাতাল চত্বরে দালালি করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর