জাতিসংঘে বাংলাদেশের প্রার্থী খলিলুর, ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সমর্থন দিতে প্রধানমন্ত্রীর আহ্বান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন দেওয়ার জন্য ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক বিশেষ ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।
ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা এই ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ভাবনা এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের জোরালো অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি সুস্পষ্টভাবে জানান, বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া প্রশাসনের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর এই বিশেষ আয়োজনে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান অংশ নেন।
মানবকণ্ঠ/আরআই




Comments