Image description

২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন ওয়ান-ইলেভেন সরকারের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল বলে মন্তব্য করেছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

ভিডিও বার্তায় আতিকুর রহমান রুমন বলেন, “আমাদের প্রিয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২০০৭ সালের ৭ মার্চ রাতে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। আমি সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। সেদিন কোনো ওয়ারেন্ট ছাড়াই অতর্কিতভাবে বাড়ি ঘেরাও করে তার কক্ষ থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।”

তৎকালীন পরিস্থিতির স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বারবার গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চেয়েছিলেন, কিন্তু তারা তা দেখাতে পারেনি। বিনা ওয়ারেন্টে এবং বিনা মামলায় একজন রাজনৈতিক নেতাকে যেভাবে তুলে নেওয়া হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে। এটি আমাদের হৃদয়ে আজও একটি গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে।”

অতিরিক্ত প্রেস সচিব রুমন আরও জানান, গ্রেপ্তারের সময় তারেক রহমান নিজের পরিণতির কথা ভাবেননি। বরং তিনি পরিবার এবং কর্মীদের নিয়ে চিন্তিত ছিলেন এবং সবাইকে বারবার সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের এই দিনে এক বিশেষ পরিস্থিতিতে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। দিনটিকে নেতাকর্মীরা ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে আসছেন।

মানবকণ্ঠ/ডিআর