এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সাক্ষী হলো ত্রয়োদশ জাতীয় সংসদ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে দেখা গেছে দেশের ইতিহাসের বিভিন্ন বাঁকবদলের কারিগর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য সবার উপস্থিতিতে সংসদ ভবন এলাকা আজ এক মিলনমেলায় পরিণত হয়েছে।
অধিবেশন চলাকালে ভিআইপি গ্যালারিতে বিশেষভাবে নজর কেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের উপস্থিতি। দীর্ঘ দেড় বছর পর বাংলাদেশে একটি নির্বাচিত সংসদের যাত্রা শুরুর মাহেন্দ্রক্ষণটি তারা গ্যালারিতে বসে প্রত্যক্ষ করেন।
তাদের পাশেই আসন গ্রহণ করেছিলেন ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার সরকারের কান্ডারি ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এবং বিমানবাহিনী প্রধানসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
সংসদীয় রীতি অনুযায়ী, অধিবেশনের শুরুতে জ্যেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এরপর অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘ দেড় বছর দেশের মৌলিক সংস্কার শেষে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা থাকায় আজ ফল ঘোষণার ঠিক এক মাসের মাথায় বসেছে এই নতুন সংসদের প্রথম অধিবেশন।
শেরেবাংলা নগরের এই সংসদীয় প্রাঙ্গণে আজ গণতন্ত্রের নতুন সূর্যোদয় প্রত্যক্ষ করেছেন গ্যালারিতে উপস্থিত বিশিষ্টজনেরা। পুরো সংসদ এলাকায় বিরাজ করছে সাজসাজ রব ও উৎসবমুখর পরিবেশ।
মানবকণ্ঠ/আরআই




Comments