প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ বিরোধী দলের, হট্টগোলের মাঝেই রাষ্ট্রপতির ভাষণ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের শুরুতেই এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রাষ্ট্রপতির উপস্থিতিতেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তুমুল হট্টগোল আর স্লোগানের মধ্যেই নিজের ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদীয় রীতি অনুযায়ী স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান। ঠিক সেই মুহূর্তেই বিরোধী দলের বেঞ্চে থাকা জামায়াত সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে যান। তাদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ড তারা স্পিকার ও রাষ্ট্রপতির দিকে উঁচিয়ে ধরেন।
প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসভঙ্গ বন্ধ করো’সহ চব্বিশের বিপ্লবের চেতনা সংবলিত বিভিন্ন স্লোগান। এ সময় সংসদ কক্ষজুড়ে শোরগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলের সদস্যদের শান্ত থাকার এবং সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার বারবার অনুরোধ জানান।
তবে বিরোধীদের এই প্রতিবাদ ও হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশনে প্রবেশ করেন এবং স্পিকারের নির্ধারিত আসনের পাশে আসন গ্রহণ করেন। জামায়াত সংসদ সদস্যদের ক্রমাগত হইচই ও প্রতিবাদের মুখেই তিনি সংবিধান অনুযায়ী তার নির্ধারিত ভাষণ পাঠ শুরু করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান রাষ্ট্রপতির বৈধতা এবং জুলাই বিপ্লবের চেতনা নিয়ে বিরোধী দলের এই অবস্থান সংসদের প্রথম দিনেই এক নতুন রাজনৈতিক উত্তাপের ইঙ্গিত দিচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments