ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কট ও সংসদ কক্ষ থেকে ওয়াক আউটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ থেকে বেরিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরাসরি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উদ্দেশ্য করে চরম ক্ষোভ প্রকাশ করেন।
হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসে ইংরেজিতে মাত্র তিনটি শব্দ লিখেছেন— ‘Get out Chuppu’। অর্থাৎ ‘চুপ্পু বেরিয়ে যাও’। রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘চুপ্পু’ নামেই সমধিক পরিচিত।
বিকেল ৪টার দিকে দেওয়া এই সংক্ষিপ্ত স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পোস্ট করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এতে হাজার হাজার রিঅ্যাক্ট ও কমেন্ট জমা হয়। নেটিজেনদের বড় একটি অংশ হাসনাতের এই সাহসী ও সরাসরি অবস্থানের প্রশংসা করছেন।
আজ বেলা ১১টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দিতে শুরু করলে বিরোধী দলীয় জোট (জামায়াত-এনসিপি) এর তীব্র প্রতিবাদ জানায়। তারা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার সাথে সাথেই সংসদ কক্ষ থেকে ওয়াক আউট করেন। সংসদ ভবন চত্বরে দাঁড়িয়েও তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহর এই ‘গেট আউট’ স্লোগান নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতির প্রতি এমন কঠোর ও অবমাননাকর সম্বোধন বর্তমান সরকারের সাথে রাষ্ট্রপতির সম্পর্কের টানাপোড়েন এবং এনসিপি-র রাষ্ট্রপতির অভিশংসন দাবির চূড়ান্ত বহিঃপ্রকাশ। যদিও এই স্ট্যাটাসের বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে এটি যে রাষ্ট্রপতির জন্য একটি কঠোর বার্তা, তা স্পষ্ট।
মানবকণ্ঠ/আরআই




Comments