Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর দেওয়া এক বক্তব্যে তিনি এই অভিনন্দন জানান।

বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, “আজকের এই সংসদ জুলাইয়ের বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। এই সংসদের প্রতিটি পদক্ষেপ যেন সেই শহীদানদের স্বপ্ন পূরণে সহায়ক হয়।”

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদে প্রবীণ পার্লামেন্টারিয়ান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সর্বসম্মতিক্রমে স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। বিরোধী দল জামায়াতে ইসলামী থেকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার সুযোগ থাকলেও তারা তা গ্রহণ করেনি।

স্পিকারের প্রতি অগাধ আস্থা প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, “আপনি একজন লড়াকু বীর মুক্তিযোদ্ধা। আপনার কাছে আমাদের প্রত্যাশা—স্পিকারের আসনে বসে আপনি সরকারি দল ও বিরোধী দলকে আলাদা চোখে দেখবেন না। আমরা আপনার কাছে পূর্ণ সুবিচার ও ইনসাফ প্রত্যাশা করি।”

অঙ্গভঙ্গি ও হাস্যরসের মধ্য দিয়ে তিনি আরও বলেন, “সংসদে এবার অনেক তরুণ নেতা নির্বাচিত হয়েছেন। আমিও নিজেকে তরুণদের কাতারেই মনে করি।” স্পিকারের ইনসাফ ও নিরপেক্ষতার ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্য শেষ করেন ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা বিচার চাই) স্লোগানের মাধ্যমে।

মানবকণ্ঠ/ডিআর