Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদ থেকে ওয়াকআউট করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার এবং এটি পার্লামেন্টারি সংস্কৃতির অংশ; তবে রাষ্ট্রপতির বক্তব্যের বিরোধিতা করে তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদের প্রথম দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ওয়াকআউটের ঘটনা সংসদের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটাবে না। এটি গণতান্ত্রিক সভ্যতার মধ্যেই পড়ে। তবে প্রতিবাদের ভাষা হিসেবে প্ল্যাকার্ড প্রদর্শন এড়িয়ে যাওয়া যেত।"

আজকের দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, "পুরো জাতি এই দিনটির জন্য দীর্ঘ ১৭-১৮ বছর অপেক্ষা করেছে। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে গণতন্ত্র অর্জিত হয়েছে, আজ সেই নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। আমরা চাই জাতীয় সংসদই হোক জাতির সব ইস্যু নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এর মাধ্যমেই আমরা একটি শক্তিশালী ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।"

বিরোধী দলের সংসদ সদস্যদের ওয়াকআউটের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করেছেন, এটি কোনো ব্যতিক্রমী বা নজিরবিহীন ঘটনা নয়। সংসদ সদস্যদের অধিকার আছে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে কক্ষ ত্যাগ করার। আশা করি, পরবর্তী অধিবেশনে তারা আবারও যোগ দেবেন। তবে আবারও বলব, তারা প্ল্যাকার্ড না দেখালেও পারতেন।"

মানবকণ্ঠ/ডিআর