ময়মনসিংহের ভালুকায় একটি জুতার কারখানার ইফতারিতে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। অসুস্থ বেশ কয়েক জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ি এলাকার চেচুয়ার মোড়ের গ্লোবাল সুজ কোম্পানিতে ঘটনাটি ঘটেছে।
কারখানা শ্রমিক সূত্রে জানা যায়, রোজার শুরু থেকেই কারখানার মালিকপক্ষ ইফতারের জন্য শ্রমিকদেরকে প্রতিদিনই বিরিয়ানি খাওয়াতেন। বৃহস্পতিবার শ্রমিকদের ইফতারের জন্য সিডস্টোর বাজারের খান হোটেল থেকে সাদা ও হলুদ রং এর বিরিয়ানি নেওয়া হয়। ইফতারের সময় বিরিয়ানি খাওয়ার পর শ্রমিকরা বমি ও শরীর দুর্বল হয়ে একের পর এক অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারখানার পুরো মেজেতে অসুস্থ শ্রমিকরা অচেতন হয়ে পড়ে থাকেন। কারখানা কর্তৃপক্ষ একটি হাইওয়ে মিনি বাস যোগে অসুস্থ শ্রমিকদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
একসঙ্গে ৩০/৩৫জন রোগী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত কর্মচারীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয়। আশঙ্কজনক অবস্থায় ১০জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কারখানা শ্রমিক শেফালি আক্তার জানান, ইফতারের সময় আমাদেরকে হলুদ ও সাদা রং এর বিরিয়ানি দেওয়া হয়। সাদা রং এর বিরিয়ানী যারা খেয়েছেন তারাই বমি করা পেট জ্বলা ও শারিরীকভাবে দুর্বল হয়ে অজ্ঞান হয়ে যায়।
কোম্পনির সুইং ইনচার্জ আমিনুল ইসলাম জানান, অ্যাডমিন বিভাগ থেকে আমাদের ফ্লোরে বিরিয়ানি সরবাহ করা হয়। সেই বিরিয়ানি খেয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।




Comments