সিরাজগঞ্জের তাড়াশে এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় গ্রেফতার হওয়া গৃহবধূ মোছা. জান্নাতি খাতুন (২৫) জামিন পেয়েছেন। শুক্রবার (১ মে) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক ওবায়দুল হক রুমি তার জামিন মঞ্জুর করেন। এর আগে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় তাড়াশ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী জান্নাতি খাতুনকে বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ‘ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ’ (টিএমএসএস) নামের একটি এনজিওর করা চেক জালিয়াতি (এনআই অ্যাক্ট) মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
ঘটনার নেপথ্যে জানা যায়, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক ওই এনজিওর নাটোর জেলার কাছিকাটা শাখায় ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির শর্ত হিসেবে সেখানে তার ২৪ হাজার ৮০০ টাকা জামানত রাখা ছিল। কর্মরত থাকাবস্থায় তিনি তার স্ত্রীর নামে ওই শাখা থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে রাজ্জাক চাকরি ছেড়ে দেওয়ার সময় তার পাওনা জামানতের টাকা দিয়ে ঋণের অবশিষ্ট অংশ সমন্বয় করার অনুরোধ জানান। কিন্তু এনজিও কর্তৃপক্ষ তা না করে জান্নাতির নামে মামলা দায়ের করে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঋণের অর্ধেকের বেশি টাকা তারা পরিশোধ করেছিলেন এবং বাকি টাকা জামানতের সাথে সমন্বয় করার সুযোগ থাকা সত্ত্বেও এনজিওটি মামলা দিয়ে হয়রানি করেছে।
সিরাজগঞ্জ সদর কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জামিন পাওয়ার পর শুক্রবার দুপুরের দিকেই জান্নাতি খাতুন তার বাড়িতে ফিরেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রফিক।
মানবকণ্ঠ/আরআই




Comments