Image description

টাঙ্গাইলের মির্জাপুরে এক নারী বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ভুক্তভোগী ওই নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার একটি গ্রামে বেড়াতে যান ওই নারী। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর অভিযুক্ত নুরুল হকের সহযোগী মালেক মিয়া ও অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি ওই নারীকে একটি নির্জন বাসায় নিয়ে যান এবং সেখানে তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। ধর্ষণের পর সন্ধ্যা নাগাদ একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই নারীকে তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাঁকে দ্রুত টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারী গাজীপুরের কোনো একটি বাসায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তদের মধ্যে নুরুল হক ও মালেক মিয়া নামে দুইজনের পরিচয় শনাক্ত করা গেছে। বর্তমানে ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেলে অচেতন অবস্থায় রয়েছেন। তাঁর জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।"

পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/আরআই