Image description

ইরানের ওপর পুনরায় কোনো ধরনের আগ্রাসন চালানো হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মতোই তাদের যুদ্ধজাহাজগুলো ভয়াবহ পরিণতির শিকার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) উদ্দেশ্য করে এই কড়া বার্তা দিয়েছেন।

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের কথিত ‘স্বল্পমেয়াদি ও তীব্র’ হামলার পরিকল্পনার খবরের প্রতিক্রিয়ায় জেনারেল মুসাভি বলেন, “শত্রুপক্ষের যেকোনো হঠকারী পদক্ষেপের জবাবে ইরান দীর্ঘমেয়াদি এবং বেদনাদায়ক আঘাত হানবে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর যে দশা হয়েছে, তাদের রণতরিগুলোর ভাগ্যেও ঠিক একই পরিণতি অপেক্ষা করছে।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের কাছ থেকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনার বিষয়ে ব্রিফিং গ্রহণ করবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আলোচনার অচলাবস্থা ভাঙতে অথবা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানার অজুহাতে ট্রাম্প বড় ধরনের সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন।

মার্কিন এই পরিকল্পনার মধ্যে ইরানের অবকাঠামোতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালির একাংশ দখল করা এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে বিশেষ বাহিনী পাঠানোর মতো উসকানিমূলক প্রস্তাবনাও রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, সরাসরি বোমাবর্ষণের চেয়ে নৌ-অবরোধ ইরানের ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে, তবে সামরিক অভিযানের পথও তিনি খোলা রেখেছেন।

এর জবাবে জেনারেল মুসাভি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, শত্রুর অপারেশন সংক্ষিপ্ত হলেও ইরানের পাল্টা জবাব হবে সুদূরপ্রসারী ও কঠোর। ইরান কোনোভাবেই তার সার্বভৌমত্বের ওপর আঘাত মেনে নেবে না।

সূত্র : প্রেস টিভি

মানবকণ্ঠ/আরআই