Image description

দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 

শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত একদিনে মৃত ৪ শিশুর সবাই ঢাকার। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত হামের উপসর্গে মোট ২৩৫ জনের মৃত্যু হলো। এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৭২ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ২৪ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫ হাজার ২১৮ জন শিশুর হাম শনাক্ত হলো এবং ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে উপসর্গ পাওয়া গেল।

হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৬ হাজার ৯১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩ হাজার ২২৫ জন। আক্রান্ত শিশুদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ তদারকি চালানো হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর