চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আসিফুর রহমান নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের লোহাগাড়া উপজেলার দায়িত্বশীল পদে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক নাশকতামূলক ও অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, “আসিফুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
লোহাগাড়া ও আশপাশের এলাকায় আসিফুরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
মানবকণ্ঠ/আরআই




Comments