Image description

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের সময় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অন্তত ১৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফারস নিউজ’-এর বরাতে জানা গেছে, এই মর্মান্তিক ঘটনায় আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন। জানজান প্রদেশের একটি এলাকায় অবিস্ফোরিত বোমা ও মাইন পরিষ্কার করে জনপদ নিরাপদ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে থাকা এসব অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি চরম ঝুঁকির মুখে ছিল। কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জমিগুলোকে পুনরায় চাষাবাদের উপযোগী করে তুলতেই এই বিশেষ উদ্ধার অভিযান চালানো হচ্ছিল। অভিযান চলাকালীন একটি বোমার আকস্মিক বিস্ফোরণে ঘটনাস্থলেই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

মানবকণ্ঠ/আরআই