Image description

পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগরে থাকা মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আবহাওয়ায় এই পরিবর্তন দেখা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস থেকে আগামী কয়েক দিনের আবহাওয়ার চিত্র নিচে তুলে ধরা হলো:

শুক্র ও শনিবার: রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শনিবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রোববার: ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। বাকি তিন বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোম ও মঙ্গলবার: দেশের সবকটি বিভাগেই দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। সন্ধ্যা ৭টার পর রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।  আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে।

মানবকণ্ঠ/আরআই