পুরোদমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সংসদীয় কার্যক্রম। আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিয়মিতভাবে চলবে।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ১২ মার্চ উদ্বোধনী অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ প্রদান করেছেন, তার ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। আজ রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু করবেন সংসদ সদস্যরা।
এর আগে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। ওইদিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশনটি আজ রোববার সকাল পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
আজ দ্বিতীয় দিনের অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকারি ও বিরোধী দলের অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক সংস্কার এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসবে বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments