Image description

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চার জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৫ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে এই চার অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে। ঝড়ের সময় ছোট নৌযানগুলোকে বিশেষ সতর্ক থাকতে এবং জানমালের নিরাপত্তা রক্ষায় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমা লঘুচাপের সক্রিয়তার কারণে এই অকাল বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে, যা পরবর্তী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে।

মানবকণ্ঠ/আরআই