Image description

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চরম উত্তেজনার মাঝে পারস্য উপসাগরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। হরমুজ প্রণালিতে অব্যাহত মিসাইল হামলার আতঙ্কে জাহাজটি বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজা এলাকায় নোঙর করে আছে।

বিএসসি সূত্র জানায়, গত ১২ মার্চ ‘এমভি বাংলার জয়যাত্রা’ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে সেখানে ভয়াবহ মিসাইল হামলার খবর পাওয়া যায়। ওই সময় সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তার স্বার্থে জাহাজটিকে প্রণালি পার না হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর প্রাণ বাঁচাতে জাহাজটি পুনরায় পারস্য উপসাগরের শারজা নোঙর এলাকায় ফিরে আসে।

তথ্য অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। কাতারের একটি বন্দর থেকে পণ্য নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়। ঠিক তার পরদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। দ্রুত এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় আকাশ ও সমুদ্রপথ।

গত ১১ মার্চ দুবাইয়ের জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ করার পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি হওয়ায় বিএসসি কর্তৃপক্ষ জাহাজ ও নাবিকদের সুরক্ষায় সেটিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

জাহাজটি বর্তমানে বিপজ্জনক সমুদ্রসীমার ভেতরেই অবস্থান করছে। হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ উত্তরণ নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি। জাহাজ ও ৩১ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে সরিয়ে নিতে জরুরি কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। পরিস্থিতি বিবেচনায় জাহাজটিতে নতুন করে কাতার থেকে পণ্য বোঝাই করার একটি বিকল্প পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে জাহাজে থাকা ৩১ জন নাবিকের নিরাপত্তা নিয়ে তাদের পরিবার ও সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ বিরাজ করছে। বিএসসি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।

মানবকণ্ঠ/আরআই