Image description

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, "চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে কর্মরত আমাদের প্রবাসী ভাই-বোনেরা অনেক কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কূটনীতি ও পররাষ্ট্র নীতির মূল লক্ষ্য এখন তাদের সুরক্ষা দেওয়া। প্রয়োজনে তাদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।"

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, "নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি সরকার স্বল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। বিএনপির রাজনীতি হলো জনগণের উন্নয়ন। আমরা যা প্রতিশ্রুতি দেই, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করি।"

নিজ নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, "সংসদে যখন বসি, তখন মনে হয় আমি সালথা-নগরকান্দার প্রতিটি মানুষকে নিয়ে সেখানে উপস্থিত আছি। এখন সময় দলমত নির্বিশেষে সবার উন্নয়নের জন্য কাজ করার। ঝগড়া-বিবাদ ভুলে মানুষের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" এসময় তিনি সালথায় একটি নতুন বালিকা বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান।

গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ এবং নুরুউদ্দীন মাতুব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর