Image description

নারায়ণগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। মঙ্গলবার বিকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে সংবাদ সম্মেলন করে ওই নারী বিএনপি নেতা নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।

নাসির উদ্দিন ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এর আগে রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির সভাপতিও ছিলেন তিনি।

নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলছেন, তিনি পৌর নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে তার প্রতিপক্ষরা নারীঘটিত ‘মিথ্যা’ ঘটনা রটিয়ে তার ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা চালাচ্ছে।

লিখিত বক্তব্যে ওই নারী বলেন, ছয় মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে নাসির উদ্দিনের সঙ্গে পরিচয় হয় তার। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা হয়। এরপর বিভিন্ন সময় তাকে বিদেশে ভালো চাকরি দেওয়া ও বিয়ে করে সংসার করার প্রলোভন দেখান নাসির।

“অনেক প্রলোভন আমাকে উনি দেখাইছেন। ৬ মার্চ দেখা করার কথা বলে আমাকে প্রাইভেট কারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করেন। এই ঘটনা কাউকে না জানাতে আমাকে হুমকিও দেন।”

তিনি অভিযোগ করেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। পরে আদালতে মামলা করার প্রস্তুতি নিলে খবর পেয়ে তাকে আদালত চত্বর থেকে অপহরণের চেষ্টা করা হয় বলেও দাবি করেন।

“আমি আইনিভাবে সমাধান না পেলে আত্মহত্যা করব। আর এজন্য দায়ি থাকবেন নাসির উদ্দিন”, বলেন ওই নারী।

এ বিষয়ে বিএনপি নেতা নাসির উদ্দিন বলেন, “আমি থাকি গুলশানে। আমি দেশ-বিদেশে ব্যবসার কাজে ঘুরে বেড়াই। আমি তো নৈতিকভাবে এত নিচে নামতে পারি না। আমার বিরুদ্ধে বিগত সরকারের আমলে ৩৪টি মামলা হয়েছে, সবই রাজনৈতিক ইস্যুতে।

“নৈতিকতার প্রশ্নে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ার ঘটনা আমার নাই। আমি মূলত গতবারের মতো এবারও নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি এবং এমপি সাহেবের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেড়ে যাওয়াতে আমার দলেরই কেউ কেউ এই মিথ্যা অপপ্রচারের সঙ্গে জড়িত হয়েছেন।”

অভিযোগকারী নারীকে ‘আগে কখনো দেখেননি’ দাবি করে বিএনপি নেতা বলেন, “পুরোটাই সাজানো নাটক। ছবিগুলোও এডিট করা।”

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, “থানায় এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। এ রকম কোনো অভিযোগকারী থানাতেও আসেননি। আমরা সাংবাদিকদের মাধ্যমে অভিযোগ সম্পর্কে প্রাথমিকভাবে শুনেছি। অভিযোগকারী যদি থানায় মামলা করেন, তাহলে সে অনুযায়ী আইনি সহযোগিতা তাকে দেওয়া হবে।”