Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এবার জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, দেশের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সূচি ও ইমামদের তালিকা প্রকাশ করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) বা শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদের দিন সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তাঁর বিকল্প হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

বায়তুল মোকাররমে ৫ জামাতের সময়সূচি:

১. প্রথম জামাত (সকাল ৭টা): ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

২. দ্বিতীয় জামাত (সকাল ৮টা): ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

৩. তৃতীয় জামাত (সকাল ৯টা): ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন।

৪. চতুর্থ জামাত (সকাল ১০টা): ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী।

৫. পঞ্চম ও শেষ জামাত (সকাল ১০টা ৪৫ মিনিট): ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

সবগুলো জামাতের জন্য বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম বিবেচনায় নিয়ে ওজুখানা, নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধর্মপ্রাণ মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ বা সন্দেহজনক বস্তু বহন না করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই