Image description

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি এড়াতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) মধ্যপ্রাচ্যগামী আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২০ দিনে সর্বমোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৪টিতে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। ফলে ঢাকা থেকে সরাসরি এই দেশগুলোতে এবং এই দেশগুলোর ওপর দিয়ে পরিচালিত ফ্লাইটগুলো স্থগিত করতে বাধ্য হচ্ছে এয়ারলাইন্সগুলো।

বৃহস্পতিবার বাতিল হওয়া ২৬টি ফ্লাইটের মধ্যে রয়েছে— এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, কুয়েত এয়ারওয়েজ ৪টি, কাতার এয়ারওয়েজ ৪টি, জাজিরা এয়ারওয়েজ ৪টি, ফ্লাইদুবাই ৪টি, এমিরেটস ২টি এবং গালফ এয়ারের (বাহরাইন) ২টি ফ্লাইট।

২০ দিনের পরিসংখ্যান:পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এই সংকটের শুরু। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং পর্যায়ক্রমে ১৯ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ২০ থেকে ৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। দীর্ঘ ২০ দিনের এই অচলাবস্থায় বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক ও আন্তর্জাতিক রুটের সাধারণ যাত্রীরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলো আকাশপথ পুনরায় উন্মুক্ত না করা পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

মানবকণ্ঠ/আরআই