পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ও সারাদেশে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারও ঢাকার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। অন্যদিকে, কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হবে দেশের ১৯৯তম বৃহত্তম ঈদ জামাত।
ঢাকার জামাতসমূহ: জাতীয় ঈদগাহে প্রধান জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে এই জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে বরাবরের মতো ৫টি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়াও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে।
ঢাকার বাইরের বড় জামাত: কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে সকাল ১০টায় দেশের অন্যতম বড় জামাত অনুষ্ঠিত হবে। পরীক্ষামূলকভাবে যাতায়াতের জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলবে। দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল ৯টায় বিশাল জামাতের আয়োজন করা হয়েছে, যেখানে ৫-৬ লাখ মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা।
বিভাগীয় শহরের সময়সূচি:
চট্টগ্রাম: জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে প্রধান জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে।
সিলেট: ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত।
খুলনা: সার্কিট হাউস ময়দানে প্রধান জামাত সকাল ৮টায়।
বরিশাল: হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত। এখানে এবারই প্রথম নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
রাজশাহী ও রংপুর: রংপুরের কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ: আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে।
আবহাওয়া ও নিরাপত্তা: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। তাই ঈদগাহের পাশাপাশি মসজিদগুলোতেও বিকল্প প্রস্তুতি রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments