পবিত্র রমজান শেষে আগামীকাল শনিবার দেশজুড়ে উদযাপিত হবে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে এই জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ৩৫ হাজার মুসল্লিকে স্বাগত জানাতে এখন পুরোপুরি প্রস্তুত ঐতিহাসিক এই ময়দান।
দীর্ঘ ৩৬ বছর পর এবারই প্রথম জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। আসন্ন এই প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক এবং সরকারের পদস্থ কর্মকর্তারা এই জামাতে অংশ নেবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘পি আর এন্টারপ্রাইজ’ ২৮ দিনের পরিশ্রমে মাঠটি প্রস্তুত করেছে। বিশাল প্যান্ডেল তৈরিতে ব্যবহৃত হয়েছে ৪৩ হাজারের বেশি বাঁশ এবং ১৫ টনেরও বেশি রশি। বৈরী আবহাওয়া ও বৃষ্টির হাত থেকে মুসল্লিদের সুরক্ষা দিতে ১ হাজার ৯০০টি উন্নত মানের ত্রিপল এবং পর্যাপ্ত আলোর জন্য ৯০০টি টিউবলাইট লাগানো হয়েছে।
মূল প্যান্ডেলের ভেতরে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা থাকলেও, আশপাশের খোলা জায়গা মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নিতে পারবেন। মুসল্লিদের স্বস্তি দিতে প্যান্ডেলের ভেতরে ৯০০টি সিলিং ফ্যান ও ২০০টি স্ট্যান্ড ফ্যান লাগানো হয়েছে। ভিআইপি কাতারগুলোতে রাখা হয়েছে বিশেষ এসির ব্যবস্থা। এছাড়া ১৪০ জন মুসল্লির জন্য পৃথক ওজুখানা এবং পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথসহ ৩ হাজার ৫০০ জনের নামাজের সংরক্ষিত স্থান রাখা হয়েছে।
নিশ্ছিদ্র নিরাপত্তার স্বার্থে পুরো ঈদগাহ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রবেশের জন্য চারটি ফটক এবং বের হওয়ার জন্য সাতটি পথ রাখা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবে দুটি মেডিকেল টিম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মাঠ পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, সব প্রস্তুতি সুচারুভাবে সম্পন্ন হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ মুসল্লিদের নির্ধারিত সময়ের কিছুটা আগে ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments