Image description

যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ১৮৬ জন বাংলাদেশি নাগরিক আজারবাইজানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) তারা ইরান সীমান্ত পার হয়ে আজারবাইজানে প্রবেশ করেন। আজ শুক্রবার (২০ মার্চ) বিশেষ একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত প্রবাসীরা চরম অনিরাপত্তার মধ্যে ছিলেন। তাদের উদ্ধার করে প্রথমে আজারবাইজানের রাজধানী বাকুতে নেওয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

পুরো প্রত‌্যাবাসন প্রক্রিয়াটি তদারকি করার জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক বর্তমানে আজারবাইজানে অবস্থান করছেন। এছাড়া এই কাজে সহযোগিতা করার জন্য ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাও বাকুতে গেছেন।

এর আগে গত বছরের জুন মাসে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরানে আটকে পড়া বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। সাম্প্রতিক পরিস্থিতির অবনতি হওয়ায় এবার আজারবাইজানকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়েছে সরকার।

নিরাপদে নাগরিকদের ফিরিয়ে আনার এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী ও তাদের পরিবার। আজ বিকেলে বা সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর