Image description

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তা ও কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে পশ্চিম জেরুজালেমে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র শহীদ নাবিকদের রক্তের বদলা এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার কড়া জবাব দিতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। তবে এই ড্রোন হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ভারতের সাথে যৌথ মহড়া শেষে দেশে ফেরার পথে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ লক্ষ্য করে টর্পেডো হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভয়াবহ ওই হামলায় ইরানের নৌবাহিনীর ৮০ জনেরও বেশি সদস্য নিহত হন। ওই ঘটনার পর থেকেই ইরান প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিল।

পাশাপাশি, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের এক বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন। এই জোড়া হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবেই জেরুজালেমের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মানবকণ্ঠ/ডিআর