পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও কঠোর সংযমের পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা নিয়ে আসে। রমজান মাস আমাদের যে সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, তা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য।
প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন, এই সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার এক মহা সুযোগ।
শুভেচ্ছাবার্তায় তিনি আরও বলেন, “ঈদের দিনে সবাই যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই হোক আমাদের সবার অঙ্গীকার।”
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সবশেষে, প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন যেন ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি নিরন্তর শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।
মানবকণ্ঠ/ডিআর




Comments