পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন দুই নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলাপকালে উভয় নেতা দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে দুই নেতার মধ্যে কথোপকথন হয়। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তারেক রহমানকে আশ্বস্ত করেন যে, সকল ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তান দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দুই প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বিভিন্ন দেশ ও অঞ্চলের মধ্যকার মতপার্থক্য ও বিরোধ নিরসনে তারা সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন।
শাহবাজ শরীফের ঈদের শুভেচ্ছার প্রতিউত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা জানান। ফোনালাপের শেষ পর্যায়ে উভয় নেতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে একত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments