Image description

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

শনিবার (২১ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

পূর্বাভাস অনুযায়ী— পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঝড়ো আবহাওয়া ও বৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঈদের দিনে এমন বৈরী আবহাওয়ার পূর্বাভাসে মুসল্লিদের মাঝে কিছুটা উদ্বেগ দেখা দিলেও অনেক স্থানে বৃষ্টির মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর পরিস্থিতির উন্নতি হতে পারে।

মানবকণ্ঠ/ডিআর