যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের দ্বিতীয় জামাত সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী।
এর আগে সকাল ৭টায় সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। প্রথম ও দ্বিতীয়—উভয় জামাতেই রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে আসা কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
দ্বিতীয় জামাত শেষে অনুষ্ঠিত দীর্ঘ মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বর্তমান সময়ের বিভিন্ন বালা-মুসিবত ও দুর্যোগ থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। এছাড়া মোনাজাতে পবিত্র রমজান মাসের সিয়াম ও সাধনা কবুলের আর্তি জানানোর পাশাপাশি পরলোকগত আত্মীয়-স্বজনের আত্মার মাগফিরাত এবং বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত ও শান্তি কামনা করা হয়। এসময় অনেক মুসল্লিকে অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করতে দেখা যায়।
ইসলামিক ফাউন্ডেশনের সূচি অনুযায়ী, বায়তুল মোকাররমে আরও তিনটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মো. জাকির হোসেন, সকাল ১০টায় চতুর্থ জামাতে মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং বেলা ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
যেকোনো অনিবার্য কারণে নির্ধারিত ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলামকে প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় মসজিদকে কেন্দ্র করে পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মানবকণ্ঠ/ডিআর




Comments